কক্সবাজারে ‘১ লাখ ইয়াবাসহ’ রোহিঙ্গা তরুণ আটক
বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন।
কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে ‘এক লাখ ইয়াবাসহ’ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকা থেকে ইয়াবাসহ ওই তরুণকে আটক করা হয় বলে বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান।
আটক শরীফ হোসেন (২১) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে।
সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার খবরে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক সঙ্গে থাকা একটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন।
পরে ধাওয়া দিয়ে শরীফ হোসেনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান বলে বিজিবির দাবি।
“এ সময় বস্তাটি খুলে ১ লাখ ইয়াবা পাওয়া যায়।”
আটক তরুণের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
