সিলেটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কে উপজেলার মানিকপুর কলাকুটা বাংলা বাড়ি এলাকার এ দুর্ঘটনা ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান।
নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) এবং মানিকপুর ইউনিয়নের দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (২৫)।
ওসি বলেন, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
