২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাবার বিরুদ্ধে পুকুরে ফেলে মেয়েকে হত্যার অভিযোগ

দ্বিতীয় বার মেয়ে হওয়ায় জাকিরের মনে অসন্তুষ্টি ছিল বলে তার স্ত্রীর ভাষ্য।

বগুড়ায় বাবার বিরুদ্ধে পুকুরে ফেলে মেয়েকে হত্যার অভিযোগ

পুলিশের হাতে আটক জাকির হোসেন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 06:49 PM

Updated : 28 Sep 2022, 03:09 PM

বগুড়ার শেরপুরে ১৪ মাস বয়সী মেয়েকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। 

সোমবার রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের উচলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি আতাউর রহমান। 

মঙ্গলবার ওই গ্রামের একটি পুকুর থেকে হুমায়রা খাতুন নামের শিশুটির মরদেহ উদ্ধার এবং বাবা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয়দের বরাতে ওসি আতাউর জানান, দিনমজুর জাকির হোসেন সাত বছর আগে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের রমজান আলীর মেয়ে রাবেয়াকে বিয়ে করেন। তাদের সংসারে জান্নাতি খাতুন নামের ছয় বছর বয়সী এক মেয়ে আছে। 

স্ত্রীর বরাতে ওসি জানান, রাবেয়া আবার গর্ভধারণ করলে জাকির হোসেন প্রত্যাশা করেছিলেন এবার ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। কিন্তু তাদের কন্যা সন্তান জন্ম নেওয়ায় জাকির স্ত্রীর উপর ক্ষুদ্ধ হন। এ কারণে স্ত্রীকে দায়ী করে প্রায়ই ঝগড়া বিবাদ করতেন তিনি। 

“সোমবার ভোর রাতে রাবেয়া মেয়েকে বিছানায় না পেয়ে হৈচৈ শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে জাকিরকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে জাকির শিশু সন্তানকে পুকুরে ফেলে দেয়ার কথা স্বীকার করেন। ” 

খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার এবং জাকিরকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।