২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গাদের ‘সীমিত পরিসরে’ জীবিকা অর্জনের পক্ষে বিরোধীদলীয় নেতা

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 10:26 PM

Updated : 24 Sep 2026, 10:26 PM

বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের সন্তানদের শিক্ষা ও কর্মদক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

তিনি বলেছেন, “আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণ দিয়ে সীমিত পরিসরে জীবিকা অর্জনের সুযোগ তৈরি করা যেতে পারে। এতে তারা শিবিরে অবস্থান করেও নিজেদের জীবনযাত্রায় কিছুটা স্বাবলম্বী হতে পারবেন।”

জামায়াতে ইসলামীর আমির বলেন, “রোহিঙ্গাদের দীর্ঘদিন অশিক্ষা ও অবহেলার মধ্যে বেড়ে ওঠা শুধু বাংলাদেশের জন্য নয়; পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। তাই এ সংকটকে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দেওয়া প্রয়োজন।’’

বিভিন্ন সময়ে রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা বর্ণনা করে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ সহায়তা চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।

বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গা সংকট কাটাতে এবং তাদের প্রত্যাবাসনে চীন ও ভারতের সহযোগিতার কথা বর্ণনা করে জামায়াতে ইসলামী আমির বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই এই সংকটের চূড়ান্ত সমাধান। তবে বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

‘মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠেছে’

বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি-ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। গত সাত মাসে সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।”

এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। জ্বালানি নিয়ে জামায়াতের বিশেষজ্ঞ দলের পরামর্শ নিতে রাজি হয়নি সরকার। বিদ্যুৎ নিয়ে তাদের দেওয়া পরিকল্পনাও সরকার গ্রহণ করেনি।”

গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবারও দাবি জানান জামায়াতের আমির।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।