২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর

“আমরা সংসদে টাকা রুজি করতে যাইনি,” বলেন তিনি।

রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর

রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 03:23 PM

Updated : 23 Sep 2026, 03:23 PM

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিলে তাতে বাধা দেবেন বলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, “আজকে দেখলাম যে, পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার সাথে সাথে কোনো কোনো মহল চিন্তা করছেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ এবং সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বৃদ্ধি করার জন্য।

“আমি মনে করি যে এটা অসঙ্গত, অন্যায় সিদ্ধান্ত হবে। বিরোধী দল হিসেবে আমরা এটা চাই না। আমি জামায়াতে ইসলামীর দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা এটা চাই না।”

বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা সেখানে (সংসদ) টাকা রুজি করতে যাইনি, বেতনের বিনিময়ে আমরা সংসদ সদস্যগিরি করতে চাইনি, আমরা গিয়েছি জনগণের প্রয়োজনে।”

“যদি ১৮ কোটি মানুষের এরকম পরিবর্তন হয় আর্থিক অবস্থার, আমাদের আপত্তি নাই; সেইদিন আমরা সবার সাথে অংশীদার হতে পারি, কিন্তু নট বিফোর।”

জামায়াতে ইসলামীর আমির বলেন, “যদি সরকার এ ধরনের কোনো উদ্যোগ নেয়, আমরা অবশ্যই প্রতিবাদ করব, বাধা দেব। আমি আহ্বান জানাব, এ ধরনের কোনো উদ্যোগ যেন নেওয়া না হয়।

“গোটা সমাজ একটা সংকটের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, আর আমরা সংসদ সদস্যরা আমাদের সুযোগ-সুবিধা বাড়াব—এটা প্রশ্নই উঠে না।”

এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “এদিকে যেন কোনো উদ্যোগ নেওয়া না হয়; নিলে আমরা বিরোধিতা করব, সুস্পষ্ট বিরোধিতা।”