হাঁসকে খাবার দেওয়ার সময় বজ্রপাতে খামারির মৃত্যু
গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় হাঁসকে খাবার দেওয়ার সময় বজ্রপাতে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে হাওর এলাকায় এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানিয়েছেন।
মৃত ৩০ বছর বয়সী শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি নাসির বলেন, “সকালে শফিকুল খাবার খাওয়ানোর জন্য নিজের খামারের হাঁস নিয়ে হাওরে যান। এক পর্যায়ে সেখানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
“এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”
