নরসিংদীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বহু আহত
আহতদের কিশোরগঞ্জের ভাগলপুর ও শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী মনোহরদীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বহু আহত হয়েছেন।
এ সময় পুলিশ গুলি ছুড়েছে বলে বিএনপি অভিযোগ করলেও পুলিশের ভাষ্য, তারা রাবার বুলেট ছুড়েছে।
রোববার বেলা ২টার দিকে মনোহরদী উপজেলার হাফিজপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান।
আহতদের কিশোরগঞ্জের ভাগলপুর ও শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাহেব আলী পাঠান বলেন, মানুষের জানমাল রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা লাঠিশোটা ও দা-সহ মিছিল বের করেন। তাদের বাধা দিলে পুলিশের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে এবং রাবার বুলেট ছোড়ে।
“বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের ১০ জন সদস্য আহত হয়েছেন। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের অভিযোগ, মিছিল নিয়ে বের হওয়ার পরই পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে তাদের ২৭ জন গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হয়েছেন।
খুন গুম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে রোববার দুপুরে মনোহরদীর হেতেমদী ইটাখলা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএনপি।
একই সময় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চন্দনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া, মিলাদ ও গণভোজের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। পাশাপাশি দুটি সভা হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে বিএনপির সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তখন বিএনপি নেতাকর্মীদের লাঠিশোটা নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। মিছিলটি কিছুদূর এগুলে তা পুলিশের বাধার মুখে পড়ে। ওই সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
