০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শ্রমিক আন্দোলনকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: মৎস প্রতিমন্ত্রী

“তারা কোনোভাবেই যাতে সুযোগ নিতে না পারে, এই ব্যাপারে কিন্তু সবাই একমত রয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 01:54 PM

Updated : 03 Nov 2026, 01:57 PM

মজুরি কমিশন গঠন করায় শ্রমিকরা কাজে ফিরেছেন এবং শিল্প এলাকার পরিবেশ বর্তমানে সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তবে পোশাক শিল্পের অস্থিরতার সুযোগে একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদে ‘তৈরি পোশাক শিল্পে অস্থিরতা’ নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন টুকু।

প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “আজকের এই পরিস্থিতিতে আমি মনে করি, মজুরি কমিশন গঠন হওয়ার পরে শ্রমিকরা তাদের কাজে ফিরে গিয়েছে এবং এই জায়গার পরিবেশ অত্যন্ত শান্ত রয়েছে। কোনো অসুবিধা নেই, স্বাভাবিক রয়েছে। আপনারাই ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছেন।”

“তৃতীয় পক্ষ, যারা এই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, ফ্যাসিবাদের দোসর যারা, তারা সুযোগ নিতে চেয়েছিল এই ক্ষেত্রে। আশা করি প্রশাসনের যে তৎপরতা রয়েছে এবং জনগণও এই ব্যাপারে সজাগ রয়েছে। তারা কোনোভাবেই যাতে সুযোগ নিতে না পারে, এই ব্যাপারে কিন্তু সবাই একমত রয়েছে।”

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরেই ঢাকার মিরপুর, গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে।

নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি।

মঙ্গলবার সকালেও আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিতপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরপরই কাঁদুনে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কাজেই ষড়যন্ত্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না।

“বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ রক্ষা করেই আমরা পথ চলেছি এবং আগামী দিনে শ্রমিকরা যেটা চেয়েছিল সেটা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, মজুরি কমিশন গঠন হয়েছে। কাজেই আমি মনে করি যে এখন থেকে পরিবেশ ঠিক থাকবে।"