এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, সুপারভাইজারের মৃত্যু
“দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সুপারভাইজার আহত হন।”
কুমিল্লার চান্দিনা উপজেলায় এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় এক সুপারভাইজার প্রাণ হারিয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হাড়িখোলা মাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মনজুরুল আলম মোল্লা জানান।
নিহত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার ছিলেন।
ওসি বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেসের বাসটি ওভারটেক করার সময় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসকে ধাক্কা দেয়।
“এ সময় দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং সুপারভাইজার আহত হন। পরে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন; তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
