Published : 25 Dec 2023, 07:38 PM
নির্বাচনে না আসার সিন্ধান্ত বিএনপিকে ধ্বংসের পথে নিয়ে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
তিনি বলেন, “নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে; সবাই নিজে নিজে কাজ করতেছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে।
“বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।”
সোমবার বেলা ১১টার দিকে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারে এসব কথা বলেন মোমেন।
সিলেটে উৎসবমুখর পরিবেশে ৭ জানুয়ারি ভোট হবে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,“অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোট কেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচার করতে যাচ্ছি, সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের।”
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “তারা জ্বালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনও স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে।
“আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা; সেটা আমরা করব। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাব।”
বড়দিন উপলক্ষে সাড়ে ১১ টায় নগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে চার্চের প্যাস্টার ফিলিপ বিশ্বাস ও ডিকন নিঝুম সাংমা পররাষ্ট্রমন্ত্রী ও আগত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সেখানে কেক কাটার পর খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, “প্রত্যেক ধর্মের মূল বাণী হচ্ছে মানবতা। বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলে রয়েছে মানবতা।
“কোনো ধর্মই এ বোধ থেকে বিচ্ছিন্ন নয়। বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। দেশের সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একাত্ম হবেন এ আশা বড়দিনে।”
সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে মোমেন বলেন, “আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের সকলের। তাই সকল শ্রেণি-পেশার জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
“বড়দিন উদযাপনের আনন্দ মানুষের মধ্যে যেন সত্যিকার মানবতাকে জাগ্রত করে; মহামানব যিশু যে প্রেম-শান্তি ও সম্প্রীতির শিক্ষা প্রচার করেছেন, তার যথার্থ প্রতিফলন যেন সবার জীবনে ঘটে।”
সিলেট সিটি করপোলেশনের মেয়র আনোয়ারুজ্জামন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।