গাজীপুরে জাল এনআইডি কার্ড ও সরঞ্জামসহ ২ যুবক আটক
পুলিশ জানায়, ফটোকপি ব্যবসার আড়ালে এরা দীর্ঘদিন ধরে নকল এনআইডি কার্ড তৈরির কারবার করছিল।
গাজীপুরে জাল এনআইডি কার্ড ও কার্ড তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মহানগরের কোনাবাড়ি নীলনগর এলাকার ছানা মার্কেট থেকে তাদের আটক করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ি জোন) বেলাল হোসেন জানান।
আটকরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. রেজাউল করিম উজ্জল (২৪) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামের মো. তৌহিদুল ইসলাম সানজিদ (২৪)।
সহকারী কমিশনার জানান, গোপন সংবাদের সকালে ছানা মার্কেটের ‘হাইটেক কম্পিউটার’ নামক একটি ফটোকপি ও প্রিন্টিংয়ের দোকানে অভিযান চালায় পুলিশ।
“এ সময় ওই দোকান থেকে ২৪টি জাল এনআইডি কার্ড, একটি কালার প্রিন্টার, দুইটি সিপিইউ, একটি লেমেনেটিং মেশিন ও দুটি স্মার্ট ফোনসহ দুই যুবককে আটক করা হয়।”
বেলাল হোসেন জানান, ফটোকপি ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে নকল এনআইডি কার্ড তৈরির কারবার করছিলেন।
“দোকানের কম্পিউটার সার্চ করে হার্ডডিস্কে রক্ষিত এনআইডি কার্ডের কয়েকশ সফট কপি, অসংখ্য জন্মসনদ, বিভিন্ন শিক্ষা বোর্ডের সনদের স্ক্যান কপি, গুগল ড্রাইভে অসংখ্য এনআইডি কার্ডের সফটকপি পাওয়া যায়।”
এ বিষয়ে কোনাবাড়ি থানায় মামলা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
