২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লিচু গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 01:07 PM

Updated : 30 Sep 2022, 01:10 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি লিচু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার টেপিরবাড়ী এলাকার মো. ইসমাইল হোসেনের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার এসআই মো. হাবিবুর রহমান জানান।

নিহতের বয়স ৪২ বছর; তার পরনে ডোরা কাটা চেক লুঙ্গি এবং কমলা ও বেগুনি রংয়ের গেঞ্জি ছিলো বলে জানিয়েছে পুলিশ।

তবে পুলিশ তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফসার উদ্দিন বলেন, “শুক্রবার সকালে এলাকাবাসী লিচু গাছে একটি ঝুলন্ত লাশ দেখে আমাকে ও পুলিশে খবর দেয়। তার পরিচয় জানা যায়নি। গলায় কাপড় পেঁচিয়ে গাছে বাঁধা থাকলেও লাশটির হাঁটু দুটি মাটিতে লাগানো ছিলো।”

মৃতদেহে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই বলেন, “অন্য কোথাও হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।“

নিহত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।