বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় অর্ধশত ডেঙ্গু রোগী হাসপাতালে
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বলেন, “এখনই যদি সচেতন না হওয়া যায়, তাহলে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা আরও বাড়বে।”
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেঙ্গু রোগের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বরিশাল বিভাগে ৬৫৯ জন রোগী আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে জানিয়ে উপ-পরিচালক বলেন, “রোগীদের চিকিৎসা দিতে বিভাগের সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত মশারি ও ওষুধ সরবরাহ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সব চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।
“জনসাধারণকে সচেতন করতে প্রচার চালানোর জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।”
উপ-পরিচালক আরও বলেন, “এখনই যদি সচেতন না হওয়া যায়, তাহলে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা আরও বাড়বে।”
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সাইফুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন।
