বরিশালে পুকুরে মাছ ধরা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন
সুমনের স্ত্রী বাদী হয়ে নামধারী পাঁচ জনসহ অজ্ঞাতনামা আরো চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
বরিশালের গৌরনদী উপজেলায় যৌথ মালিকানার পুকুরে মাছ ধরায় চাচাতো ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার হামলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত সুমন হাওলাদার (৩৫) উপজেলার মাহিলারা ইউনিয়নের উত্তর বিল্বগ্রাম গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বৈদ্যুতিক মিস্ত্রীর কাজ করতেন।
স্বজনদের বরাতে পরিদর্শক হেলাল জানান, বাড়ির যৌথ মালিকানার পুকুরে মাছ শিকার নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে জখম করে চাচাতো ভাই জাফর হাওলাদার, হেলাল হাওলাদার ও ইদ্রিস হাওলাদারসহ কয়েকজন। এসময় সুমনের চিৎকারে তার স্ত্রী সুলতানা বেগম এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।
পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৪টায় মারা যায় সুমন।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর রোববার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
পরিদর্শক হেলালউদ্দিন আরো জানান, সুমনের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে নামধারী পাঁচ জনসহ অজ্ঞাতনামা আরো চার জনকে আসামি করে রোববার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
