খাগড়াছড়িতে শিক্ষিকাকে ‘মেরে আহত’ করায় মামলা, তদন্তে কমিটি
খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রধান শিক্ষিকা।
খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ‘মেরে আহত’ করার ঘটনায় শিক্ষা কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করা হয় বলে নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের গেইট ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে আবেদন নিয়ে যান প্রধান শিক্ষিকা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার কাছে গেলে তিনি আবেদনটি নিতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে প্রধান শিক্ষিকাকে মারধর শুরু করেন শিক্ষা কর্মকর্তা। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকা।
থানার পরিদর্শক জাহিদ হাসান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিক্ষিকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার সঙ্গে তার বিয়ে হওয়ার দাবি করলেও মামলার এজাহারে তা উল্লেখ করেননি।
এদিকে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
তিনি আরও জানান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্য হলেন- গুইমারা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা।
আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
