ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুললেন পরাজিত শম্ভু
বরগুনা-১ আসনে প্রিজাইডিং কর্মকর্তাদের সরবরাহ করা ফলাফলের তথ্যবিবরণীতে অনেক এজেন্টের স্বাক্ষর ছিল না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে অনিয়মের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ভোট গণনায় অনিয়ম, ফলাফল প্রস্তুত ও একত্রীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কয়েকজন অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
অভিযোগ জমা দেওয়ার পর জেলা আইনজীবী সমিতির সামনে নৌকা প্রার্থীর উপস্থিতিতে অভিযোগের তথ্য তুলে ধরেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন।
অভিযোগে বলা হয়, “ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোট গণনায় অনিয়ম হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সরবরাহ করা তথ্যবিবরণীতে অনেক এজেন্টের স্বাক্ষর নেই।”
তাই বেসরকারিভাবে ঘোষিত ফলাফল বাতিল করে রিটার্নিং কর্মকর্তাকে ১৬টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানানো হয়েছে।
কাগজপত্র যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, সদর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এবং শম্ভুর ছেলে সুনাম দেবনাথসহ একাধিক নেতা।
বরগুনা-১ আসনে (সদর-আমতলী-তালতলী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬১ হাজার ৮৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম সরোয়ার ফোরকান (স্বতন্ত্র) পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ এবং টানা তিন বারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা) পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট।
আরও পড়ুন:
