০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে ট্রেন আসার সময় হঠাৎ রেললাইনে উঠে পড়েন নারী

নিহতের হাতে ভাঙা শাখা ও আঙুলে আলতা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 05:19 PM

Updated : 02 Oct 2026, 05:19 PM

লালমনিরহাটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা স্থানীয়দের।

শুক্রবার বিকাল ৩টার দিকে লালমনিরহাট সদর উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৌলজোর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।

দুর্ঘটনায় মরদেহের অঙ্গ-প্রতঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে নিহতের হাতে ভাঙা শাখা ও আঙুলে আলতা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে ওসি হাবিবুর রহমান বলেন, বিকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস। ট্রেনটি পূর্ব দৌলজোর এলাকায় পৌঁছালে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী হঠাৎ লাইনে উঠে পড়েন।

“এতে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রেনটি কিছু সময় থেমে থেকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।”

খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি আরও বলেন, নিহতের পরিচয় ও স্বজনদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।