০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বগুড়া থেকে রংপুরের ৮ জেলায় বাস চলাচল বন্ধ

শুক্রবার সকাল থেকে বগুড়া ছেড়ে রংপুর বিভাগের কোনো জেলায় বাস যায়নি বলে বগুড়া বাস-মিনিবাস মালিক সমিতি জানিয়েছে।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 09:15 PM

Updated : 28 Oct 2022, 09:33 PM

বিএনপির সমাবেশের আগে রংপুরে ধর্মঘটের মধ্যে বগুড়া থেকে উত্তরের এই বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

শুক্রবার সকাল থেকে বগুড়া ছেড়ে রংপুর বিভাগের কোনো জেলায় বাস যায়নি বলে বাস-মিনিবাস মালিক সমিতি জানিয়েছে। 

মালিক সমিতির ভাষ্য, রংপুরে ধর্মঘটের কারণে বাস ঢুকতে পারছে না বলে বগুড়া থেকে কোনো বাস না চালানোর সিদ্ধান্ত হয়েছে। 

তবে বিএনপির অভিযোগ, তাদের নেতাকর্মীদের রংপুরে সমাবেশে যেতে না দেওয়ার জন্য বাস বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ ও ২২ অক্টোবর খুলনায় সমাবেশ করেছে দলটি।  

এর ধারাবাহিকতায় ২৯ অক্টোবর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থ গণসমাবেশ করার ঘোষণা দেন তারা। 

রংপুর বিভাগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছে মটর মালিক সমিতি। 

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংবাদিকদের  জানান, রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মালিক সমিতির এক জরুরি সভায় বিভাগের আট জেলায় কোনো বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে সমিতির সভাপতি আখতারুজ্জামান ডিউক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “শ্রমিকরা গাড়ি চালাবে না এবং কিছু গাড়ি নষ্ট; তাই আপাতত গাড়ি চলাচল বন্ধ রয়েছে।” 

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকরা করোনার সময়ও গাড়ি চালাতে ইচ্ছুক ছিল। সেই শ্রমিক কেন গাড়ি চালাবে না? কেন চলাচল বন্ধ বুঝতে পারলাম না।” 

বগুড়ার এস আর ট্রাভেলসের ম্যানেজার ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ১৫টির মতো কোচ রংপুর-ঢাকায় যাতায়াত করে। আমাদের রংপুর অফিস বলেছে রংপুরে কোনো গাড়ি পাঠাবেন না; গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা গাড়ি বগুড়া পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি।” 

শুক্রবার বগুড়ার চারমাথা কেন্দ্রীয় টার্মিনালে গিয়ে দেখা গেছে, বগুড়া থেকে রংপুর, দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলায় চলাচলকারী বাসগুলো বন্ধ রয়েছে। রংপুর, দিনাজপুরসহ উত্তরের জেলাগুলো থেকে বগুড়ায় কোনো বাস ঢুকছেও না। 

রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ থেকে রংপুর ও সৈয়দপুরগামী বাসগুলো বগুড়া পর্যন্ত এসে যাত্রী নামিয়ে দিচ্ছে। ফলে অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন। 

আহসান হাবিব  নামের এক যাত্রী স্ত্রী ও শিশু সন্তানসহ তার কয়েকজন স্বজন নিয়ে পাবনা থেকে রংপুরগামী একটি বাসে ওঠেন। বাসটি বগুড়ার চারমাথায় সকল যাত্রী নামিয়ে দেয়। ফলে তিনি কীভাবে যাবেন তা ঠিক করতে পারছেন না। 

এমন অনেকেই দুর্ভোগের শিকার হয়েছেন। 

বগুড়া মালিক সমিতি থেকে জানা গেছে, ঢাকাসহ অন্যান্য জেলা থেকে বগুড়া হয়ে প্রতিদিন প্রায় পাঁচ শত বাস রংপুর বিভাগের ৮ জেলায় যাতায়াত করে। রংপুর মালিক সমিতিরও দেড়শতাধিক বাস বগুড়া পর্যন্ত যাতায়াত করে। 

এ ব্যাপারে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নেতা-কর্মীরা যখন রংপুরের মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তার আগেই পরিকল্পিতভাবে সরকারের মদদে গাড়ি বন্ধ করা হলো। যাক, বিকল্প পথে হলেও আমরা যাব।” 

সভা-সমাবেশ, মিছিল সাংবিধানিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, “মহাসমাবেশকে বাধাগ্রস্ত করে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে বর্তমান সরকার।”  

আরও পড়ুন:

বিএনপির সমাবেশ: এবার রাজশাহী থেকে রংপুরের বাস বন্ধের ঘোষণা

বিএনপির সমাবেশের আগে রংপুরে বাস বন্ধ, ভোগান্তি

রংপুরে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের ডাক

বরিশালে বিএনপির সমাবেশের আগে ৪৮ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক

রংপুরে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ঘিরে উৎকণ্ঠা

ছোট ছোট দলে খুলনা যাচ্ছেন সাতক্ষীরা বিএনপির নেতাকর্মীরা