নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের ফাঁসি
ঘটনার একদিন পর পুলিশ নাঈমের বাসার খাটের নিচ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ জানান।
দণ্ড পাওয়া নাইমুর রহমান ওরফে নাঈম (৩৫) বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া এলাকার বাসিন্দা।
মামলার বরাতে পিপি রকিবউদ্দিন জানান, উপজেলার পুরিন্দা এলাকায় ওই শিশুটির বাড়ির পাশে ভাড়া থাকতেন নাঈম। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর শিশুকে অপহরণের পর নিজ বাসায় নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন নাঈম।
ঘটনার একদিন পর পুলিশ নাঈমের বাসার খাটের নিচ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর নাঈমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
পিপি রকিবউদ্দিন আরও বলেন, মামলার পর থেকে নাঈম পলাতক ছিলেন। পরে পুলিশ তাকে বরগুনা থেকে গ্রেপ্তার করে। শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে নাঈম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ জরিমানা এবং হত্যার পর লাশ গুম করার অভিযোগে পাঁচ বছরের জেলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পিপি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
