২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

পাউবো জানিয়েছে, দুধকুমার নদের ভাঙনরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 11:37 PM

Updated : 14 Oct 2022, 11:37 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা এবং ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নদী তীরবর্তী এলাকার মানুষ।

শুক্রবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মিলিটারির চর এলাকায় এক মানববন্ধনে শত শত নারী-পুরুষ ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব আলতাফ হোসেন বলেন, “প্রায় একমাস ধরে ধরলার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমার বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি। আমি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

মহির উদ্দিন নামের একজন বলেন, “নদীর ভাঙনের কারণে এ পর্যন্ত আমি কয়েকবার বসতভিটা হারিয়েছি। এবারের ভাঙনেও আমার বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এখন আর আমার বসতি গড়ে তোলার কোনো জমিজমা নাই। পরিবার নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না।”

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, “আমার এই ওয়ার্ডের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ধরলার ভাঙন দেখা দিয়েছে। ধরলার ভাঙনে এ অঞ্চলের ৪০টিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছে।

“এখনও শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে আছেন। আমন ধানের খেত, ভুট্টা ও কলার খেতসহ শত শত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এভাবে চলতে থাকলে গোটা মিলিটারির চর অচিরেই নদীতে বিলীন হয়ে যাবে।”

বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, বড়ভিটা ইউনিয়নের ধরলা তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ভাঙন। নদীর অব্যাহত ভাঙনে দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।

অন্যদিকে একই দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর ভাঙনরোধ ও তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

উপজেলার তিলাই ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের চর বটতলা দুধকুমার নদীর পূর্বপাড়ে ভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ এতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন, স্থানীয় আব্দুল গফুর, জামাল উদ্দিন।

স্থানীয়রা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, দুধকুমারের ভাঙনে শত শত বাড়িঘর ও ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলেও গেলেও ভাঙনরোধে উদাসীন পানি উন্নয়ন বোর্ড।

এ ব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিলাই ইউনিয়নে দুধকুমার নদের ভাঙনরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম এলাকায় ভাঙনরোধের কোনো প্রকল্প নেই।