ঘরের চালে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বোনের মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান।
নিহতরা হল- সুলতানশী গ্রামের আব্দুল লতিফের মেয়ে শিমলা আক্তার (৯) এবং পার্শ্ববর্তী আব্দবখাই গ্রামের সিদ্দিক আলীর মেয়ে রোজিনা আক্তার (৭)। তারা সম্পর্কে আপন খালাতো বোন।
শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং রোজিনা দ্বিতীয় শ্রেণির ছাত্রী বলে পরিবার জানিয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি গোলাম মর্তুজা বলেন, বিকালে আব্দুল লতিফের বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই বোন। এক পর্যায়ে তারা ঘরের টিনের চালের উপর উঠে। এ সময় তারা অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মেহেদী হাসান তাদেরকে মৃত ঘোষণা করেন।
