টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
জানালার পাশ দিয়ে বিদ্যুতের খোলা তার চলে গেছে।
গাজীপুরের টঙ্গীতে কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।
রোববার বেলা ১১টার দিকে বড় দেওড়া এলাকায় পাটোয়ারী ফ্যাশন লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার এসআই সজীব দেবনাথ।
নিহত মো. সাকিব হোসেন (১৮) বড় দেওড়া এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।
এসআই সজীব জানান, সকালে কারখানায় কাজের ফাঁকে সাকিবকে জানালার পাশে যেতে দেখেন সহকর্মীরা। এ সময় হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যান সহকর্মীরা। পরে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আলামত দেখতে পান তারা।
“জানালার পাশ দিয়ে বিদ্যুতের খোলা তার চলে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে সাকিব সেই তার স্পর্শ করেছে বা তারটির স্পর্শে জানালা বিদ্যুতায়িত হয়েছিল- তাতেই স্পৃষ্ট হন তিনি।”
নিহতের দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ বিদ্যুতে পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
