১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাজেকের সড়ক অবরোধ প্রত্যাহার করে কারবারি অ্যাসোসিয়েশন সভাপতির বার্তা

একইসঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সভাপতি নতুন জয় চাকমা।

সাজেকের সড়ক অবরোধ প্রত্যাহার করে কারবারি অ্যাসোসিয়েশন সভাপতির বার্তা

ভিডিও বার্তায় বক্তব্য দিচ্ছেন সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 12:32 AM

Updated : 11 Nov 2026, 12:32 AM

চলমান সড়ক অবরোধ প্রত্যাহার করে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা একটি ভিডিও বার্তা দিয়েছেন। একইসঙ্গে তিনি সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা করেছেন।

মঙ্গলবার রাতে ভিডিও বক্তব্যের পর নতুন জয় চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, “দীর্ঘস্থায়ী অবরোধের কারণে সাজেকে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে; যা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে।”

তিনি অভিযোগ করেন, “ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছিল।”

তিনি দাবি করেন, “রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সাধারণ মানুষকে জোরপূর্বক এসব সংগঠনের কার্যক্রমে যুক্ত করা হচ্ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছিল।”

নতুন জয় চাকমা বলেন, একজন কারবারি হিসেবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই তিনি সংগঠনের কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

Image

ফাইল ছবি

তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা এবং বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা অভিযোগ করেছেন, “পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।”

তিনি বলেন, “আমাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।”

তবে অভিযোগ অস্বীকার করে পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, “এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং জেএসএস কোনো ধরনের চাপ দেয়নি।”

সাজেক এলাকা থেকে জেএসএস (সন্তু লারমা) নেতাকর্মীদের প্রত্যাহারের দাবিতে সাজেক পর্যটন সড়কে ২২ অক্টোবর থেকে লাগাতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। এর ফলে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।