ভোলায় বজ্রপাতে এজেন্ট ব্যাংকিং কর্মী নিহত
বাড়ির পাশে একটি সুপারি বাগানে কাজ করার সময় রাজ্জাক বজ্রপাতে আহত হন; হাসপাতালের পথে মারা যান।
ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক পরিচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান।
নিহত আব্দুল রাজ্জাক (৩৩) ওই এলাকার ওবায়দুল হক কালু মিয়ার ছেলে।
শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল মিয়া জানান, রাজ্জাক বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক ছিলেন।
তিনি আরও জানান, দুপুরের দিকে রাজ্জাক তাদের বাড়ির পাশে একটি সুপারি বাগানে যান। সেখানে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাজ্জাক মারা যান।
