গোপালগঞ্জে ‘ভাই ও ভাতিজার মারধরে’ ব্যবসায়ী নিহত
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়; পরে এ হত্যাকাণ্ড ঘটে।
গোপালগঞ্জে পারিবারিক ও জমিজমার বিরোধে এক পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।
সোমবার রাতে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান।
নিহত এনামুল হক ফুলমিয়া (৪৮) ওই গ্রামের এলায়েক মোল্যার ছেলে।
পরিদর্শক শীতল বলেন, “পারিবারিক বিরোধ ও জমিজমা নিয়ে এনামুলের সঙ্গে তার আপন পাঁচ ভাইয়ের দীর্ঘদিন ধরে মামলা চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া ও কথাকাটি হয়।
“এর জেরে ছোট ভাই লিংকন মোল্যা ও বড় ভাই জাহাঙ্গীর মোল্যার ছেলে কায়েস মোল্যাসহ কয়েকজন মিলে এনামুলকে মারধর করে।”
পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এনামুলকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
