ফেনীতে ডিবি পরিচয়ে ১১ লাখ টাকা ‘ছিনতাই’
এতে জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধরের পর ১১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরুর পোল এলাকা থেকে তাকে উদ্ধার করে বলে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ হাসান ইমাম জানিয়েছেন।
ভুক্তভোগী নুরুল করিমের চাচাতো ভাই দাগনভূঞা পৌরসভার কাউন্সিলর একরামুল হক বলেন, মঙ্গলবার তাদের একটি জমি রেজিস্ট্রি করার কথা। ওই জমি কেনার জন্য রোববার দুপুরে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ১১ লাখ টাকা তোলে জুয়েল। টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিলেন সে। পথে উপজেলা সদরের জিরো পয়েন্ট সংলগ্ন ফাজিলের ঘাট সড়কের কালা মিয়ার দোকান এলাকায় পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি জুয়েলের অটোরিকশার গতি রোধ করে।
এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চারজন ছিনতাইকারী জুয়েলকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে হাতকড়া পরিয়ে তাদের গাড়িতে তোলেন। এরপর জুয়েলের চোখ বেঁধে মারধর করে তার সঙ্গে থাকা ১১ লাখ টাকা ছিনিয়ে নেয়।
পরে ছিনতাইকারীরা জুয়েলকে ওই গাড়িতে করে বসুরহাট রোডের ইয়াকুবপুর ইউনিয়নের মিরুর পোল এলাকায় নিয়ে যায়। এরপর সড়কের পাশে একটি ঝোঁপের মধ্যে জুয়েলকে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান একরামুল।
ওসি হাসান বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা এবং ফাজিলের ঘাট সড়কের সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
