স্ত্রী হত্যার ১৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
রায়ে বলা হয়, টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জরিনা বেগমকে বিয়ে করেন তার স্বামী।
গোপালগঞ্জে ১৭ বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ মামলার রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান জানিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অছিকার রহমান সরদার (৬৭) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মুন্সিরচর গজালিয়া গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে বিচারক ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন।
মামলার বিবরণে বলা হয়, জরিনা বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পর তার টাকা ও সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ২০০০ সালে তাকে বিয়ে করেন ক্ষুদ্র ব্যবসায়ী অছিকার রহমান। জরিনা ছিলেন অছিকারের দ্বিতীয় স্ত্রী।
জরিনার টাকা ও সম্পত্তি আত্মসাত করার পর তাকে ভরণ-পোষণ দেওয়া বন্ধ করে দেন অছিকার। তখন ভরণ-পোষণের দাবিতে জরিনা গোপালগঞ্জের আদালতে একটি মামলা দায়ের করেন।
২০০৫ সালের ৪ জুন অছিকার জামিনে বেরিয়ে এসে ৭ জুন গভীর রাতে জরিনাকে হত্যা করেন। এ ঘটনার পরদিন জরিনার ভাই মো. দাউদ সিকদার বাদী হয়ে নয় জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক সোহরাব হোসেন ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
তাদের মধ্যে এক আসামি মৃত্যুবরণ করেছেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
