মাদারীপুরের গরুর খামারির বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও অর্থ লুট
নগদ এক লাখ ৫২ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
মাদারীপুরের রাজৈরে গরুর খামারির বাড়িতে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল স্বর্ণালঙ্কারসহ ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে জানিয়েছেন রাজৈর থানার এসআই ইখতিয়ার আহমেদ।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাজৈর উপজেলার আলমদস্তার দক্ষিণপাড়া গ্রামের খামারি রবিউল মোল্লা কয়েক বছর আগে তাদের পুরনো বাড়ি ছেড়ে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করেছেন।
ওই বাড়িতে মঙ্গলবার রাত ২টার দিকে একদল সশস্ত্র ডাকাত ঘরের পেছনের অংশে টিনের বেড়া খুলে প্রবেশ করে। তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ এক লাখ ৫২ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদলের সদস্যরা একটি রামদা ফেলে যায়।
রবিউল মোল্লা বলেন, “যেভাবে ডাকাতি হয়েছে তাতে এখানে আর থাকা যাবে না। আমি পুরনো বাড়িতে চলে যাব। তবে, পুলিশের কাছে দাবি, আমার বাড়ির মালামাল যেন উদ্ধার করে দেয়।”
ঘটনাস্থল পরিদর্শন করে এসআই ইখতিয়ার আহমেদ বলেন, “ডাকাত দলের ফেলে যাওয়া একটি রামদা উদ্ধার করেছি। রবিউল মোল্লাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।”
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো।”
