চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা পান্না
৭০ বছর বয়স্ক এ অভিনেতা বার্ধক্যজনিত নানা জটিলতায় শয্যাশায়ী ছিলেন।
অর্ধ শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করা আব্দুল্লাহ আল সাকী পান্না আর নেই।
শনিবার রাত ১২টা ৪৫মিনিটে জামালপুর শহরের রশিদপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।
৭০ বছর বয়স্ক এ অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় শয্যাশায়ী ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
‘মায়ের দোয়া’, ‘পরিবার’, ‘ঝিনুক মালার প্রেম’, ‘মাটির কুলে’ ও ‘নাগরাণী’সহ অর্ধ শতাধিক বাংলা চলচ্চিত্রে খলনায়কসহ নানা চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ আল সাকী পান্না।
রোববার সকাল ১০টায় জামালপুর শহরের রশিদপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অভিনেতা পান্না জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের বড় ভাই।
