সিলেটে ‘ধান কাটাকে কেন্দ্র’ করে গুলি: আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েন।
সিলেটের ওসমানীনগরে ধান কাটাকে কেন্দ্র করে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার বিকালে সিলেট জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।
গ্রেপ্তার জাকির আহমদ (৩৪) ওসমানীনগরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শনিবার দুপুরের দিকে ওই এলাকায় জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া বর্গা চাষের জমিতে শ্রমিকদের নিয়ে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার জাকির আহমদ তাদের বাধা দেন।
দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েন। এতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেখ মো. সেলিম আরও বলেন, “জমিজমা নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে জাকির আহমদের বিরোধ ছিল। বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে।”
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ গিয়ে জাকির আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ জব্দ করে।
পুলিশ জানায়, ওসমানীনগর থানায় জাকির আহমদের বিরুদ্ধে মারামারির ঘটনায় দুটি মামলা আছে।
এবার জাকিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করেছে।
আহত বাবা-ছেলে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে আরেকটি মামলা করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
সংবাদ সম্মেলনে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য ছিলেন।
