০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২০ কার্টন সুতা জব্দ

জব্দ করা সুতার পরিমাণ ২ হাজার ২০০ পাউন্ড; যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 11:23 PM

Updated : 03 Oct 2026, 11:23 PM

নরসিংদীর মাধবদীতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা ভর্তি একটি ভ্যান জব্দ করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় বিরামপুর এলাকা থেকে চালকসহ সুতা বোঝাই ভ্যানটি হেফাজতে নেওয়া হয় বলে মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান।

পুলিশ জানায়, চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা সুতা বোঝাই ভ্যানটি নারায়ণগঞ্জের পুরিন্দা থেকে মাধবদীর এক পোশাক কারখানায় যাচ্ছিল। পথে বিরামপুর এলাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান।

মাধবদীর ‘জাহাঙ্গীর ট্রেডার্স’ থেকে ‘মর্ডান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য এই সুতা পরিবহন করা হচ্ছিল।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, জব্দ করা সুতার পরিমাণ ২ হাজার ২০০ পাউন্ড; যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। প্রাথমিকভাবে সুতা আমদানির কোনো বৈধ ট্যাক্স বা শুল্ক পরিশোধের কাগজপত্র পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাস্টমস কর্মকর্তাদের জানানো হয়েছে এবং বিধিমালা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উদ্ধার করা সুতার বৈধ আমদানিপত্র, শুল্ক চালানের সত্যতা ও প্রকৃত গন্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।