গাজীপুরে অগ্নিকাণ্ড: পুড়ল দুই কলোনির ২৩টি ঘর, ৫টি দোকান
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ১টার দিকে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, প্রথমে একটি কলোনি থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।পরে মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি কলোনিতেও আগুন ধরে যায়। এ সময় কলোনির বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা এ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দুইটি কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার বলেন, আগুন লাগার খবরে রাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
