লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর উত্তরের পথে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্তে কমিটি
দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
নাটোরের লালপুর উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক নূর মোহাম্মদ জানান, লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ শেষে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, “একটি লেনের মেরামত চললেও অন্য লাইনে আমরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে পেরেছি। ৫টা ৩০ মিনিটে অলরেডি ট্রেনের মুভমেন্ট দেওয়া হয়েছে। প্রায় পৌনে ৫ ঘণ্টার মত ট্রেন অপেরেশন বন্ধ ছিল।”
এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানান রেলের এ কর্মকর্তা।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয় বলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার জানান।
এ ঘটনার পর চিলাহাটী থেকে খুলনাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে।
