লালমনিরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পুলিশের দাবি, তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে।
লালমনিরহাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা এবং অনলাইনে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ওসি সাদ আহমেদ জানান, বুধবার গভীর রাতে শহরের চাঁদনী বাজার এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী মো. মজিবর রহমান টুলু জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি নামাটারী এলাকার মতিয়ার রহমানের ছেলে।
ওসি সাদ আহমেদ বলেন, “অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশে একদল ব্যক্তি গোপন বৈঠক এবং নাশকতার পরিকল্পনা করছে বলে তথ্য পায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মজিবর রহমান টুলুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
পুলিশের দাবি, মজিবর রহমান টুলুকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম মিটিং’এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া তার মোবাইল ফোনে আওয়ামী লীগের পক্ষে জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট ও স্ট্যাটাস পাওয়া গেছে বলেও দাবি পুলিশের।
ওসি সাদ আহমেদ বলেন, গ্রেপ্তার মজিবর রহমান টুলুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
