২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ‘৩ সোনার বারসহ’ আটক এক

জব্দ সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম; যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 10:35 PM

Updated : 16 Jun 2023, 10:35 PM

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিনটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে বিজিবি।

শুক্রবার বিকালে উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান।

আটক মজনু খান মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার চাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।

আশরাফুল হক জানান, ওই সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফারুক হোসেন। গোপনে অবস্থান নেওয়া বিজিবির সদস্যরা সীমান্তের দিকে অগ্রসর হওয়া মজনু খানকে আটক করে। পরে তার হাতে থাকা একটি ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি সোনার বার জব্দ করা হয়।

জব্দ সোনার ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম; যার মূল্য প্রায় ২৯ লাখ ৫৩ হাজার টাকা বলে জানায় বিজিবি।

আটক ব্যক্তিকে কলারোয়া থানায় হস্তান্তর ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফুল হক।