Published : 22 Oct 2023, 01:10 PM
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মানিকগঞ্জের হরিরামপুরে ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত ১০টার দিকে লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিনাঘাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের মুন্নাফের ছেলে হাসু (২৩), শেখ জামালের ছেলে শেখ সজিব (২২), হেলালের ছেলে সফি (২৮), হজির ছেলে আলামিন (৩০), আবুল ফকিরের ছেলে নাইম (২৪) এবং শেখ মুন্নাফের ছেলে শেখ তারাবালি (২৫)।
নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরার অপরাধে ছয়জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৭০ হাজার মিটার কারেন্ট জাল।
পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ধ্বংস করা হয়েছে জব্দ করা জাল।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা আরও জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। ১২ অক্টোবর থেকে নিয়মিত উপজেলা প্রশাসনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।