২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে আগুনে পুড়েছে ৩ ঘর

সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের কাছে পৌঁছতে পারেনি।

ঝালকাঠিতে আগুনে পুড়েছে ৩ ঘর

ঝালকাঠি সদরে আগুনে পুড়ে যাওয়া বসতঘর

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 01:56 PM

Updated : 13 Aug 2022, 01:59 PM

ঝালকাঠি সদর উপজেলায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে।

উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর গ্রামে শুক্রবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ঝালকাঠি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. শফিফুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফিকুল বলেন, “আলী আজিম নামের এক ব্যক্তির ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে পাশের নাজমুল হাওলাদার ও হারুন হাওলাদারের ঘরও পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও রাস্তা খারাপের কারণে তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

“পরে ভ্যান গাড়িতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে তিনটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।”

Image

পুড়ে যাওয়া বসতঘরের সামনে ক্ষতিগ্রস্তরা

আগুনে ক্ষতিগ্রস্ত নাজমুল হোসেনের স্ত্রী আমেনা বেগম বলেন, “আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।”

ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম বলেন, “রাস্তা খারাপ থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ঢুকতে পারেনি। তারা সময়মত আসতে পারলে ক্ষতির পরিমাণ কম হত।”

আগুনে তিনটি ঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিফুল বলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি; তারা তদন্ত করছেন।