ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা কারাগারে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শিশুটি মাথাব্যথা নিয়ে তার কাছে গেলে নির্যাতন করা হয় বলে মামলায় বলা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঝাড়ফুঁকের কথা বলে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পরদিন রোববার তাকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান।
কারাগারে যাওয়া মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) পশ্চিম খানপুর গ্রামের প্রয়াত ইউনুছ আলীর ছেলে। স্থানীয় বাজারে কবিরাজি ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন তিনি।
২০২২ সাল পর্যন্ত আলমগীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা নিয়ে ওই শিশু আলমগীরের দোকানে যায়। এ সময় ঝাড়ফুঁকের কথা বলে তাকে ধর্ষণ করা হয়। এমনকি ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি অসুস্থ বোধ করলে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর শিশুটির তার বাবা থানায় মামলা করেন।
আলমগীরের জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, “২০২২ সাল পর্যন্ত আলমগীর ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত নন।”
ওসি শামসুজ্জামান বলেন, শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। একই আদালতে তার জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
