২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের নিরাপত্তা চান বগুড়ার লেখক আব্দুর রাজ্জাক বকুল

লেখকের দাবি, থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ হুমকি দিয়েই যাচ্ছে।

জীবনের নিরাপত্তা চান বগুড়ার লেখক আব্দুর রাজ্জাক বকুল

লেখক আব্দুর রাজ্জাক বকুল

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 11:38 PM

Updated : 20 Oct 2022, 11:38 PM

জমি নিয়ে বিরোধের জেরে হুমকি পেয়ে জীবনের নিরাপত্তা চেয়েছেন বগুড়া লেখক চক্রের জনসংযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক বকুল। 

জমি দখল ও প্রাণনাশের হুমকি পাওয়ার পর গত বুধবার বগুড়া সদর থানায় ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন তিনি।    

তারা হলেন মো. মোখলেছার রহমান, তার ছেলে শহিদুল আলম (৪৪), সাজেদুর রহমান (৪৬), আব্দুল লতিফ (৪৮), রাশেদুল ইসলাম (৩৮) ও স্থানীয় আকরাম হোসেন (৪০)। 

অভিযোগের নথি থেকে জানা যায়, প্রতিপক্ষ মোখলেছার রহমানের সঙ্গে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আছে।

মোখলেছার দীর্ঘ ৬৫ বছর ধরে দলিলমূলে তাদের পাওনা সম্পত্তির বাইরে বকুলদের সাড়ে নয় শতক সম্পত্তি অবৈধভাবে দখল, রেকর্ড ও ভোগ করে আসছিল। এ বিষয়ে বকুল স্থানীয়দের নিয়ে একাধিকবার মিমাংসার প্রস্তাব দিলেও প্রতিপক্ষ তা মানেনি। পরে উভয় পক্ষ সাতজন আইনজীবীর সমন্বয়ে সালিশি বৈঠক করে। বৈঠকে আব্দুর রাজ্জাক বকুলের পক্ষে আইনগত মতামত দেওয়া হয়। 

কিন্তু প্রতিপক্ষ সেটা না মেনে উল্টো বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে লেখকের পারিবারিক জায়গায় স্থাপনা নির্মাণ করতে থাকে। পরে ভুক্তভোগীরা আইনজীবী ও স্থানীয় ব্যক্তিদের পরামর্শে তাদের প্রাপ্য অংশে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ গত ১৫ অক্টোবর দুপুরে নির্মিত প্রাচীরের কাছে প্রাণনাশের উদ্দেশ্যে রাজ্জাক বকুলের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় বকুল দৌড় দিয়ে সেখান থেকে সরে গিয়ে প্রাণে বাঁচেন। 

অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষ গত মঙ্গলবার রাতে একদল সন্ত্রাসী দিয়ে সেই সীমানা প্রাচীর ভেঙে দেয়। বর্তমানে লেখক প্রাণভয়ে পলাতক জীবন-যাপন করছেন এবং তার পরিবার অসহায় অবস্থায় আছে। 

রাজ্জাক বকুলের দাবি, থানায় অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ হুমকি দিয়েই যাচ্ছে।

আব্দুর রাজ্জাক বকুলকে হুমকির প্রতিবাদ জানিয়েছেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। 

তিনি বলেন, “একজন সাহিত্যিক নিরাপত্তাহীনতায় ভুগবে? কবি-সাহিত্যিকদের নিরাপত্তা দেবে সরকার, প্রশাসন। আমি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই।” 

এ বিষয়ে প্রতিপক্ষ মোখলেছার রহমানের ছেলে সাজেদুর রহমান বলেন, “গত শনিবার মার্কেটের সামনে প্রাচীর দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করছিলাম। তখন রাজ্জাক বকুল ভিডিও করতে এলে আমরা তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছি মাত্র; এর বেশি কিছু নয়।” 

বগুড়া সদর থানার ওসি নুর আলম বলেন, “আব্দুর রাজ্জাক বকুলের অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তার বিষয়টি দেখবো আমরা; জমির বিষয়টি আদালত নির্ধারণ করবে।”