২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ রোহিঙ্গা শিবিরে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

শিশুটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল; ভোরে ঘরে শিয়াল ঢুকে শিশুটির কোমরে কামড়ে ক্ষতবিক্ষত করে।

টেকনাফ রোহিঙ্গা শিবিরে শিয়ালের কামড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 12:05 AM

Updated : 30 Aug 2022, 12:05 AM

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে শিয়ালের হামলায় আহত এক শিশু মারা গেছে।

সোমবার ভোররাতে লেদা ক্যাম্পের সি-২২ ব্লকের ১৯১৬ নম্বর কক্ষে মায়ের সঙ্গে ঘুমন্ত শিশুটিকে শিয়াল কামড়ে ক্ষতবিক্ষত করে বলে ওই আশ্রয় শিবিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম জানান।

রিয়া মনি নামের ৬ মাস বয়সী এই শিশু লেদা রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি- ২২ ব্লকের ১৯১৬ নং কক্ষের বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে।

মোহাম্মদ আলম জানান, শিশুটি মা নুর কায়দার সঙ্গে ঘুমিয়ে ছিল। ওই সময় শিশুর বাবা ঘরে ছিলেন না। ঘরের ভিতরে শিয়ালটি ঢুকে শিশুটিকে কোমরে কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে শিশুটি কান্না করে উঠলে পাশের ঘরের মো. ইমাম হোসেনের ঘুম ভেঙে যায়।

“পরে তিনি অনেক ডাকাডাকি করলে ওই শিশুর মায়ের ঘুম ভাঙলে শিশুকে যন্ত্রণায় ছটফট করতে দেখে এবং শিয়ালটি বেড়ার ফাঁক দিয়ে পালিয়ে যায়।”

তিনি জানান, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে সকালে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

১৬ আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মোহাম্মদ হাসান বারী বলেন, “শিয়ালের আক্রমণে আহত শিশুটি মারা গেছে।”

ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।