২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি বিশৃখঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: ওবায়দুল কাদের

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:12 PM

Updated : 28 Aug 2022, 08:12 PM

ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সে দলের সাধারণ সম্পাদক এ সভায় যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি তার দোসরদের টাকা-পয়সা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে; দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

“সে জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার সংক্ষিপ্ত শটকাট রাস্তা খুঁজছে।”

ওবায়দুল কাদের বলেন, “এদেশে আর ক্ষমতার পরিবর্তন অলিগলি দিয়ে; পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় যেতে হবে। নির্বাচন করবে ফইসলা কে ক্ষমতায় যাবে।

“গণতন্ত্রের ডাক দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না; কারণ বিএনপির হাতে রক্তের দাগ, পঁচাত্তরের ১৫ অগাস্টের রক্তের দাগ, একুশে অগাস্টের রক্তের দাগ, শতশত আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যার রক্তের দাগ বিএনপির হাতে।”

যাদের হাতে রক্তের দাগ তাদের জনগণ ভোট দিবে না মন্তব্য করে কাদের বলেন, “বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত – এতে কোনো সন্দেহ নেই; তিনিই খুনিদের বিদেশ পাঠান, পুনর্বাসন করেন।”

যারা হাওয়া ভবন তৈরি করেছিল, দুর্নীতিতে চারবার চাম্পিয়ন হয়েছিল, কোটি কোটি কালো টাকার মালিক হয়েছিল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল – সেই অপশক্তি, ‘গণবিরোধী শক্তি বিএনপিকে’ জনগণ ভোট দেবে না, তাদের কাছে জনগণ দেশকে লিজ দিতে চায় না, বলেন কাদের।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোনো সুযোগ নেই। এই ইসুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বসে থাকবে না।

লিটন বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টির পেছনে আরও একটি দল কাজ করেছে মন্তব্য করে বলেন, কারাগারে বঙ্গবন্ধু চার সহযোগী জাতীয় চার নেতাকে হত্যার পেছনে জড়িত এবং যারা এর সুফল ভোগ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আক্তার জাহান, দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও মাহফুজুল আলম লোটন।