ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান সংস্কৃতিকর্মীদের
নারায়ণগঞ্জের সমাবেশ থেকে পশ্চিমা বিশ্বের মানবতাবিরোধী অবস্থানের নিন্দা জানিয়েছেন বক্তারা।
ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্বের মানবতাবাদী ব্যক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মীরা। সেইসঙ্গে দখলদার ইসরায়েলের পক্ষে পশ্চিমা বিশ্বের অবস্থানের নিন্দা জানানো হয়েছে।
শনিবার বিকালে যুদ্ধরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
কর্মসূচির শুরুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন সংস্কৃতিকর্মীরা। মিছিল শেষে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
পরে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, বাসদের জেলা সংগঠক এস এম কাদির ও সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অমল আকাশ বক্তব্য দেন।
রফিউর রাব্বি তার বক্তব্যে বলেন, “নিজ ভূমিতে প্রবাসী হয়ে দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে প্রায় ৮০ বছর ধরে লড়াই করছে ফিলিস্তিনিরা। অথচ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই ইসরায়েলি জায়নবাদীদের নগ্নভাবে সমর্থন দিচ্ছে।”
বক্তারা বলেন, আরব বিশ্বের বিভক্তি ইসরায়েলিদের আগ্রাসনকে যেমন শক্তি যোগাচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনের ইতিহাস আজ সারা বিশ্বে পশ্চিমাদের সভ্যতার নামে বর্বরতার নগ্ন উদাহরণ হিসেবে পরিচিতি পাচ্ছে।
