শার্শার সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক
স্বর্ণের বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
যশোরের শার্শার সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে পাচারকারী বলছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, মঙ্গলবার দুপুরে শার্শার জামতলা-বালুন্ডা সড়কের টেংরা গ্রামের চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক হাসানুজ্জামান (২২) শার্শা উপজেলার পোর্ট থানার পুটখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
বিজিবি কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে কায়বা বিওপির একটি টহলদল ওই সড়কে অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেল চালক হাসানুজ্জামানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
“পরে তার দেহ তল্লাশি করে কোমরে রাখা অভিনব কায়দায় তৈরি নীল রংয়ের ব্যাগের মধ্যে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।”
তিনি জানান, আটক স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম। আটক মালামালের সিজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা। আটক স্বর্ণ ও মোটরসাইকেলসহ হাসানুজ্জামানকে শার্শা থানায় সোপর্দ করা হবে।
