২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিক-আপের ভারে ভাঙল সেতু, বিপাকে ৫ গ্রামের মানুষ

আপাতত সেখানে একটি কাঠের সেতু নির্মাণের কথা জানিয়েছেন ইউএনও।

খুলনায় পিক-আপের ভারে ভাঙল সেতু, বিপাকে ৫ গ্রামের মানুষ

খুলনার পাইকগাছা উপজেলায় বেইলি সেতুটি ভেঙে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষ বিপাকে পড়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 05:30 PM

Updated : 14 Sep 2022, 05:48 PM

মাছের পোনাবাহী পিক-আপ ভ্যানের ভারে ভেঙে পড়েছে খুলনার পাইকগাছা উপজেলার একটি বেইলি সেতু; এতে পাঁচ গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। 

উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা ও গোয়ালবাথান এলাকার নাছিরপুর খালের ওপর নির্মিত বেইলি সেতুটি গত রোববার ভেঙে পড়ে। 

কপিলমুনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, মাছের পোনাবাহী একটি পিক-আপ ভ্যান সেতুর ওপর উঠামাত্রই মাঝ বরাবর খালের মধ্যে ভেঙে পড়ে সেতুটি। 

খালের দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম সেতুটি। সেতু ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন প্রায় পাঁচ গ্রামের মানুষ।

ইউপি সদস্য রফিকুল বলেন, এখন প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের। বিশেষ করে, প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট শিক্ষার্থীরা বেশি দুর্ভোগে পড়েছে।

কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়ার্দার বলেন, সেতুটি পুরানো হওয়ায় ভেঙে পড়েছে। তবে সেখানে নতুন সেতুর জন্য বরাদ্দ হয়েছে। সব ঠিক থাকলে দ্রুত নতুন সেতুর কাজ শুরু হবে। 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, এলাকার মানুষের চলাচলের জন্য আপাতত কাঠের সেতু বানানোর হচ্ছে।