পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, লাশ মিললো একদিন পর
মাথাভাঙ্গা নদীতীরে তাস খেলছিলো টোকনসহ কয়েক যুবক।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়ার একদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নতিডাঙ্গা গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে টোকন আলী নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান।
৪২ বছরের টোকন ভাংবাড়িয়া গ্রামের ওদুদ উদ্দিনের ছেলে।
পরিদর্শক বলেন, বুধবার দুপুরে ভাংবাড়িয়া গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতীরে তাস খেলছিলো টোকনসহ কয়েক যুবক। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কবিরুল ইসলাম ও আকছেদ আলী নামে দুজনকে আটক করে পুলিশ।
“এ সময় টোকন ও নাজিম উদ্দিন নামে আরও একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। নাজিম সাঁতরে নদীর অপর পাড়ে উঠলেও স্রোতের তলিয়ে যান টোকন।”
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে খুলনার ডুবুরিদলকে খবর দেওয়া হয়বলে জানান তিনি।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দল সকাল থেকেই উদ্ধার অভিযান চালায়। মাথাভাঙ্গা নদীর ঘটনাস্থল থেকে প্রায় ৮/১০ কিলোমিটার পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার লাশ পাওয়া যায়নি।
“ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করেও খোঁজ করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।”
