এক কুকুরের কামড়ে আহত ৪০
কুকুর কামড় দিলে তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।
ময়মনসিংহ শহরে একটি কুকুর কামড়ে আহত হয়েছেন ৪০ জন।
বুধবার সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটির কামড়ে আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম বলেন, “সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে দাঁড়াতেই একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। সে আরও অন্তত ২০ জনকে সেসময় কামড় দিয়ে আহত করে।”
আরেক আহত শিউলী আক্তার বলেন, “সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এসকে হাসপাতালে নিয়ে যায়।”
হাসপাতালে কুকুরের কামড়ে আহত আরও অনেককেই চিকিৎসা নিতে দেখেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে এসকে হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ বলেন, সকাল থেকে গোইলকান্দি ও জামতলা মোড় এলাকায় কুকুরের কামড়ে আহত ৪০ জন চিকিৎসা সেবা নিয়েছেন।
কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তবে আতংকিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।”
এই চিকিৎসক জানান, সম্প্রতি এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে। প্রতিদিন গড়ে ৩০-৪০ জন রোগী আসছেন যারা কুকুর, বিড়াল বা শেয়ালের কামড়ে আক্রান্ত হয়েছেন।
৪০ জনকে আহত করার পর স্থানীয়রা কুকুরটিকে ধরতে সক্ষম হয় বলে জানান শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি।
এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে বলেও জানালেন এলাকাবাসী।
সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, “কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটাও ঠিক যে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা যেন না বাড়ে সে জন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
