হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু
একলিমুর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজার মৃত্যু হয়েছে।
বুধবার মধ্যরাতে নগরীর একটি বেসরকারি তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী।
তিনি জানান, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা চাঙ্গিনীর ভাড়া বাসায় হৃদরোগে আক্রান্ত হন ৩৫ বছর বয়সী একলিমুর। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আইসিইউতে ভর্তির নির্দেশ দেন।
সেখান থেকে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
দুলাল চন্দ্র নন্দী আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একলিমুরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
একলিমুরের গ্রামের বাড়ি নড়াইল জেলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
একলিমুরকে তার নড়াইলের নিজ বাড়িতে দাফন করা হবে জানান সহকর্মীরা।
