১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এমএন লারমা পাহাড়ে জুম্ম জাতির সংগ্রামের অগ্রদূত: জেএসএস

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেএসএস-এমএন লারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 05:38 PM

Updated : 10 Nov 2026, 05:38 PM

মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) পাহাড়ের মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) নেতারা।

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়িতে সদর উপজেলার তেঁতুলতলায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত র‍্যালি ও স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় জেএসএস-এমএন লারমার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, “পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির অধিকার, আত্মনিয়ন্ত্রণ ও অস্তিত্ব রক্ষার আন্দোলনের অগ্রদূত ছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা।

“তিনি পাহাড়ের জুম্ম জনগোষ্ঠীকে অনিশ্চয়তা ও বঞ্চনার জীবন থেকে মুক্ত করে শান্তি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। তার রাজনৈতিক দর্শন ও সংগ্রামের মূল লক্ষ্য ছিল জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা এবং নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার প্রতিষ্ঠা।”

জেএসএস-এমএন লারমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় এমএন লারমা ছিলেন সোচ্চার। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি জুম্ম জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তিনি আপসহীন অবস্থান নিয়েছিলেন।”

এমএন লারমার রাজনৈতিক জীবন ও আদর্শ আজও পাহাড়ের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রাসঙ্গিক বলে জানান অংশুমান চাকমা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য। তিনি ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে এক হামলায় নিহত হন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে প্রভাতফেরি শেষে এমএন লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেএসএস-এমএন লারমা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ, এক মিনিট নীরবতা পালন এবং প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

স্মরণসভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর অতিশ চাকমা।

এ ছাড়া পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভায় আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা, আদিবাসী ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি নব কুমার চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।