এম এন লারমা শুধু পাহাড়ের নন, বাংলাদেশের ‘জাতীয় বীর’: সুব্রত চৌধুরী
মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমা শুধু পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক নেতা নন, তিনি বাংলাদেশের ‘জাতীয় বীর’ বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মঙ্গলবার এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমাকে কেবল একজন আঞ্চলিক নেতা হিসেবে অভিহিত করার মাধ্যমে তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারাকে প্রান্তিকীকরণ করা হয়। তিনি শুধু পার্বত্য চট্টগ্রামের নন, বাংলাদেশের জাতীয় বীর। নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এম এন লারমার রাজনৈতিক দর্শন ও সংবিধান বিষয়ক চিন্তা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।”
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয়নি মন্তব্য করেন তিনি বলেন, “চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। সরকারের এই সংশয়বাদী অবস্থান দেশের সামগ্রিক সমৃদ্ধি ও প্রগতির পথে বাধা সৃষ্টি করছে।”
গত ১০ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি গঠনকে চুক্তিবিরোধী বলেও দাবি করেন সুব্রত চৌধুরী।
স্মরণসভায় নিজেরা করি-এর সমন্বয়ক খুশী কবির বলেন, “মুক্তিযুদ্ধে পাহাড় ও সমতলের আদিবাসীরা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশকে শত্রুমুক্ত করতে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই।”
সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা, সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল, গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার খেদারা ছড়ার থুম নামক স্থানে ১৯৮৩ সালের ১০ নভেম্বর এক হামলায় মানবেন্দ্র নারায়ণ লারমা তার ৮ সহযোদ্ধাসহ নিহত হন।
