২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর তাদের লাশ পড়ে থাকতে দেখেন।

গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 05:00 PM

Updated : 02 Sep 2022, 04:27 PM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে; যারা একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক জানান।

মৃতরা হলেন- ওই এলাকার মানিক মিয়ার ছেলে ইমান আলী (৩৫) ও তার স্ত্রী মিনজু আক্তার (২০)।

প্রতিবেশীদের বরাতে এসআই বলেন, ইমান ও মিনজু বুধবার রাতে ঘুমাতে যায় এবং কোনো এক সময়ে দুজনে এক শাড়িতে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি শুরু করে। তখন কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিয়ে তাদের লাশ দেখতে পায়।

পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

পারিবারিক কলহের কারণে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে এসআই মাজহারুল বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।